হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের জোয়াড়ে ভাসছে রাজধানীর গোটা মিরপুর। কোনোকিছুর তোয়াক্কা না করে প্রকাশ্যেই নানা রকম মরণ নেশার রমরমা বানিজ্য চালিয়ে আসছে মিরপুরের কিছু চিহ্নিত ও সংঘবদ্ধ মাদক কারবারীরা। বিশেষ করে ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানার অন্তর্ভুক্ত গুদারাঘাটের এইচ ব্লক এলাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ ও তাদের ভাষ্যমতে, ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে মাদক বিক্রিতে। প্রকাশ্যে মাছের বাজারের মত ডেকে ডেকে বিক্রি হচ্ছে গাঁজা, ইয়াবা ট্যাবলেট। এতে করে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন সুশীল সমাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা বলেন, গুদারাঘাট কেন্দ্রীক যারা মাদক বিক্রি করছে তাদের বেশিরভাগকে নেপথ্যে থেকে নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী ও প্রভাবশালী সিন্ডিকেট। এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের কিছু সদস্যসহ শাহ আলী থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে এই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেন বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসী আরো জানান, গুদারাঘাটের এইচ ব্লকের ৩ নম্বর রোডে মনির (স্টিক মনির), বাদশা, ঝুমুর, ইমন। ৪ নম্বর রোডে আজগর, রুবেল, আইউব (বাবা আইয়ুব), জাকির, রায়হান, মিঠু ও উজ্জ্বল। ৫ নম্বর রোডে পাপন, মুরগী রিপন, ল্যাড়া জাফর ও মেহেদী (ডাবর)। ৬ নম্বর রোড ও কিংশুকের প্রজেক্টের ভিতরে অবৈধ অটোরিকশার গ্যারেজের আড়ালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আমেনা ওরফে বুজি আমেনার দুই ছেলে মনির ও বাবু। ৮ নম্বর রোডে জিয়াসমিন। ১৫ নম্বর রোডে সজিব দম্পতি, কাকড়া জাকির দম্পতি, কালু, জুয়েল, আলোন, ইমরান ও বাবুল। অপরদিকে শমশের গার্মেন্টসের সামনে ও আশপাশের এলাকা সংলগ্ন চিড়িয়াখানার বাউন্ডারী ওয়াল যেন এক মাদকের এটিএম বুথে পরিনত হয়েছে। যার নিয়ন্ত্রণে রয়েছে মাদক কারবারী ও কিশোরগ্যাং লিডার আশিক নিজেরা ও তাদের লোকজন দিয়ে দেদারছে বিক্রি করছে গাঁজা, ইয়াবা।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন স্থানীয় বাসিন্দা জানান,মিরপুর এলাকার বিভিন্ন ব্যস্ততম এলাকা কেন্দ্রীক ছিনতাইকারী চক্রের অভয়াশ্রম গুদারাঘাট। প্রায় অর্ধ শতাধিক ছিনতাইকারীর সমন্বয়ে গঠিত এই সিন্ডিকেটের ছিনতাইকৃত মোবাইল ফোন,পার্টস ব্যাগসহ মূল্যবান সামগ্রী জমা হয় বুজি আমেনার ছেলে বুজি মনিরের কাছে। এমনকি বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া অটোরিকশা কেনাবেচায় জড়িত সে।
দিয়াবাড়ির বিল্লাল, শফিক ও তার স্ত্রী, আরমান ও সুমন কথিত এক সোর্সের নিয়ন্ত্রনে চালাচ্ছে ইয়াবা, গাঁজা, ইরোইনের রমরমা বানিজ্য। রয়েল সিটি ও তুরাগ সিটি এলাকাসহ পুরো বেরী বাঁধ এলাকায় হাবিব ওরফে গোল্ডেন হাবিব পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের সর্বরাহ করছে ইয়াবা। শাহ্ আলী থানা এলাকার শাকিল (ছ্যাঙ্গা শাকিল), জয়নাল (ফিটিং জয়নাল), মিনু, দাত ভাঙ্গা রুবেল, লুঙ্গী জামাল, চিড়িয়াখানা রোডের সামাদ, গুদারাঘাটের বাবু ও কিংশুকের গেইটে পারুলির চিহ্নিত মাদক স্পটে দেদারসে মাদক বেচাকেনা করছে এই চক্র। এইচ ব্লকের কাজীফুরী স্কুলের সামনে ও আশপাশের এলাকায় রানা বাহিনী, অপর চিহ্নিত নয়ন তারার মাদকের স্পটে জুয়েল, মামুন ও ইকবাল সেলসম্যান হিসেবে ধুমচে বিক্রি করছে ইয়াবা। ডি ব্লকের ৩ নম্বর রোডে হাতেমের ছেলে ছাদ্দাম, হাতকাটা মামুন, ভাঙ্গারী কাকা ভাঙ্গারী ব্যবসার আড়ালে আশপাশের এলাকায় পাইকারী ইয়াবা সর্বরাহ করে আসছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক ব্যবসায়ীদের অত্যাচারে এলাকাবাসী চরম অসহায় হয়ে পড়েছে। মাদকের সহজলভ্যতায় এলাকার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও ঝুকে পড়ছে মাদকের দিকে। তাছাড়া স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীরাসহ এলাকার বিভিন্ন গার্মেন্টসে কর্মরত নারীদের আসা যাওয়ার পথে ইফটিজিংসহ নানা হয়রানীর শিকার হতে হয় মাদকসেবীদের হাতে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অনেকে বর্তমানে জেলহাজতে থাকলেও কারাগারে বসেই তাদের বিশাল মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তারা।
চুরি, ছিনতাই আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ করছি, অতিসত্ত্বর এসব চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীকে উদ্ধুদ্ধ সমস্যা থেকে পরিত্রানের ব্যবস্থা করুন।
এবিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানার অফিসার ইনচার্জ রাজিব বলেন,
এধরণের কোনো অভিযোগের সত্যতা পেলে সে যে বা যারাই হোক,তাদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।